মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের এক ক্রিপ্টো বিনিয়োগকারীকে এক ইতালিয়ান নাগরিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি ভিকটিমের বিটকয়েন ওয়ালেটের পাসওয়ার্ড আদায় করতে চেয়েছিলেন।
জন ওয়েল্টজ নামের এই ব্যক্তি শুক্রবার গ্রেপ্তার হন এবং শনিবার আদালতে হাজির হন। পুলিশ জানিয়েছে, তিনি সোহোর একটি বিলাসবহুল বাড়িতে (মাসিক ভাড়া $৩০,০০০) এক ইতালিয়ানকে কয়েক সপ্তাহ ধরে আটকে রেখেছিলেন।
২৮ বছর বয়সী ওই ব্যক্তি ৬ মে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছান এবং পরদিনই ওয়েল্টজ ও তার সহযোগীদের হাতে অপহরণ হন। তার পাসপোর্ট ও ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নেওয়া হয় এবং ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড দাবি করা হয়। রাজি না হলে, তাকে মারধর, ইলেকট্রিক শক, বন্দুকের ভয় দেখানো, এমনকি দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। ওয়েল্টজ একপর্যায়ে করাত দিয়ে তার পায়ে কাটতেও চেষ্টা করেন এবং জোর করে মাদক সেবন করান।
অবশেষে ওই ব্যক্তি পালিয়ে পুলিশকে জানান। পুলিশ বাড়িটিতে নির্যাতনের দৃশ্যসহ বহু পোলারয়েড ছবি খুঁজে পায়। ওয়েল্টজের বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে আছে মুক্তিপণ চেয়ে অপহরণ। তাকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে।
একজন ২৪ বছর বয়সী নারীকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে পরে নিউইয়র্ক শহরে হাঁটতে দেখা গেছে, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়নি।
এই ঘটনা প্রমাণ করছে যে ক্রিপ্টো বিনিয়োগকারীরা এখন সন্ত্রাসীদের নিশানায়। ফ্রান্সে এরকম ঘটনা ঠেকাতে সরকারের পক্ষ থেকে ক্রিপ্টো উদ্যোক্তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
